শিশু দিবাযত্ন কেন্দ্র আইন যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, জনগণের কল্যাণে যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়নে উদ্যোগ নেবে। একই সঙ্গে নারীদের শিক্ষার পথে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতেও সরকার নিরলসভাবে কাজ করছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে নির্বাচনি ইশতেহারে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার করেছেন। পাশাপাশি কর্মজীবী মায়েরা যাতে নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে ইশতেহারের ঘোষণা অনুযায়ী কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে।
চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী বছরের মধ্যেই দেশের চাইল্ড কেয়ার ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রের মৌলিক দায়িত্বের কথা তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। জনকল্যাণমূলক ও ভালো উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা দেবে। তবে এসব উদ্যোগ সফল করতে সবার সম্মিলিত দায়িত্ব ও সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের অন্যতম প্রধান বাধা মানসম্মত চাইল্ড কেয়ার বা শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাব। তাঁদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শহরের প্রতি ১০ জন নারীর মধ্যে চারজনই চাইল্ড কেয়ার সুবিধার অভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত মানসম্মত ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে মন্ত্রী অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু দিবাযত্ন বিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ