ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনের (COP-31) সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের ওপর জোর দিয়েছেন।
“টাস্কিং দ্য ডেল্টা: ব্রিজিং দ্য ক্লাইমেট-অ্যাডভান্সিং বাংলাদেশ’স কার্বন ক্রেডিট মার্কেট; অপরচুনিটিজ, ইন্টিগ্রিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট” শীর্ষক এই অনুষ্ঠান দুটিতে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাম্প্রতিক একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, “জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অতিরিক্ত ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ঋণের ভারী বোঝা বয়ে বেড়ানোর পরিবর্তে আমাদের মানুষ ও প্রকৃতিকে রক্ষা করার জন্য অনুদানভিত্তিক তহবিলের প্রয়োজন।”
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ এখন কেবল জলবায়ু ঝুঁকির কথা না বলে সবুজ বিনিয়োগ, উদ্ভাবন এবং উচ্চ-মানসম্পন্ন কার্বন অর্থায়নের মাধ্যমে একটি টেকসই ও ট্রিলিয়ন-ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে। প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় ‘বাংলাদেশ কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক’ এবং ‘ন্যাশনাল কার্বন রেজিস্ট্রি’ গঠনের মাধ্যমে বাংলাদেশ এখন নিরাপদ ও স্বচ্ছ কার্বন বাণিজ্যের জন্য প্রস্তুত।
পানিসম্পদ ব্যবস্থাপনা ও কার্বন বাজারের সংযোগ তুলে ধরে তিনি তিনটি প্রধান ক্ষেত্রের কথা উল্লেখ করেন: প্রথমত, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন এবং ব-দ্বীপ সুরক্ষার মাধ্যমে ‘ব্লু কার্বন’ সংরক্ষণ।
দ্বিতীয়ত, কৃষিতে সৌরচালিত সেচ পাম্প ও ‘অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং’ (AWD) পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো।
তৃতীয়ত, ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’-এর আওতায় প্রকৃতি-ভিত্তিক সমাধানের মাধ্যমে বন্যা সহনশীলতা বৃদ্ধি। বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী বৈশ্বিক সবুজ রূপান্তরে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হতে দ্বিপাক্ষিক সহযোগী, বহুপাক্ষিক সংস্থা এবং বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অংশগ্রহণে অনুষ্ঠিত এসব সভায় বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, CEGIS, IWM ও জাতিসংঘের UNFCC এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব