রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামী ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় রূপগঞ্জ থানার ওসিসহ ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী শামীম মিয়া (৪২) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। শামীম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেদের ছেলে এবং স্থানীয় যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শামীম মিয়ার সমর্থক ও দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র—রামদা, লোহার রড, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে ফেলে এবং পুলিশের গাড়ির চাকা কেটে দেয়। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে হামলাকারীরা একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন এবং আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে।
ঘটনায় আহতরা হলেন—রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, এসআই রৌশন আলী, এসআই সিরাজুল ইসলাম, এসআই নাজিম উদ্দিন, কনস্টেবল আব্দুস সামাদ ও শাহাদাৎ হোসেন। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তার (৩১)সহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য গ্রেফতারকৃতরা হলেন—গোলাম কিবরিয়া (৩৬), দাদন মিয়া (৫১), ইমরান হোসেন (৩০), সাব্বির হোসেন (১৮), ইউনুস আলী (৩০), ইউসুফ মিয়া (৩৫), সুমন মিয়া (২৬), শফিকুল ইসলাম (২২), আজগর আলী (২৫), রুহুল আমীন (২৬) ও আফছার উদ্দিন (৪২)।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, হামলায় ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদ ক্ষতির অভিযোগে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে চনপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পলাতক আসামী শামীম মিয়াকে পুনরায় গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/এনউব