মানহানি ও চরিত্রহনন বন্ধে কার্যকর আইন প্রয়োজন: শফিকুল আলম

মতপ্রকাশের স্বাধীনতার নামে অনলাইনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে ব্যক্তির সম্মানহানি এবং চরিত্রহননের প্রবণতা বন্ধে আন্তর্জাতিক মানের কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহার রোধ করাও জরুরি।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অধিকার’ আয়োজিত ‘মতপ্রকাশ ও গণতান্ত্রিক ব্যবস্থার সংকট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, বাংলাদেশের মানুষ কথা বলতে পছন্দ করে। তাদের কাছে কথা বলার অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনিও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন। তবে এই স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন অন্যের অধিকার হরণ, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্রহনন করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি একাধিক সংবাদপত্র ও টেলিভিশন চালু করে প্রতিদিন অন্যের অধিকার হরণ করছেন। মনগড়া তথ্য প্রকাশ করে মানুষের চরিত্রহনন করা হচ্ছে। এটি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না।
মানহানির ঘটনায় কার্যকর প্রতিকার না পাওয়ার বিষয়টি তুলে ধরে শফিকুল আলম বলেন, ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত মানহানি আইনের মাধ্যমে ভুক্তভোগীরা কার্যকর প্রতিকার পেয়েছেন বলে তাঁর মনে হয় না। কারও বিরুদ্ধে ৫০০ বা ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হচ্ছে, আবার কারও ব্যক্তিগত চরিত্র নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। অথচ ভুক্তভোগীরা যথাযথ প্রতিকার পাচ্ছেন না।
তিনি আরও বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া মিথ্যা তথ্য বছরের পর বছর থেকে যায়। এমনকি এসব তথ্য পরবর্তী প্রজন্মের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। এ কারণে মানহানি ও অপপ্রচার বন্ধে কার্যকর আইনি ব্যবস্থা থাকা জরুরি।
মতপ্রকাশের স্বাধীনতা হরণের প্রসঙ্গ তুলে শফিকুল আলম বলেন, কিছু মানুষ অন্যের কথা বলার অধিকার কেড়ে নেয় এবং ভয়ভীতি দেখিয়ে তাদের চুপ করিয়ে রাখে। অতীতে স্বৈরাচার প্রতিষ্ঠা এবং গুম-খুনের মতো ঘটনার পক্ষে জনসম্মতি তৈরিতেও এ ধরনের ব্যক্তিদের ভূমিকা ছিল বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনার পাশাপাশি এসব শক্তির ভূমিকা নিয়েও স্পষ্ট ও সৎ আলোচনা হওয়া প্রয়োজন।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও চর্চায় মানহানি এবং অপপ্রচার মোকাবিলায় কার্যকর ব্যবস্থা রয়েছে। কিন্তু বাংলাদেশে যে কেউ যা খুশি লিখে পার পেয়ে যাচ্ছে। এ পরিস্থিতির অবসান হওয়া দরকার।
শফিকুল আলম বলেন, সরকার ও সুধী সমাজের পক্ষ থেকে অরাষ্ট্রীয় শক্তি এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।
ভোরের আকাশ/জেআ