শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুটি স্পিকার

দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ায় শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
তিনি বলেন, শিক্ষকদের দুর্নীতিতে জড়িয়ে পড়া উদ্বেগজনক। এতে শিক্ষকদের মর্যাদাও ক্ষুণ্ন হচ্ছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, দুর্নীতি দূর করতে না পারলে কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। বর্তমান সরকার মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার লক্ষ্য তরুণদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়া।
তিনি আরও বলেন, দেশের অগ্রগতিতে তরুণদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও প্রত্যাশাকে নীতিনির্ধারণে যুক্ত করতে হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
ভোরের আকাশ/ইউএম