সীমান্ত ইস্যুতে বিজিবি ও বিএসএফ বৈঠক আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে আজ। এ উপলক্ষে সোমবার (৮ জুন) দিল্লিতে পৌঁছেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুই দেশের সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ বসবাসকারীদের শনাক্তকরণ ও প্রত্যাবাসন কার্যক্রম নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সীমান্ত অপরাধ দমন, সীমান্ত ব্যবস্থাপনা এবং দুই বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো বৈঠকের আলোচ্যসূচিতে গুরুত্ব পাবে।
এছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, অনুপ্রবেশ প্রতিরোধ এবং নথিবিহীন বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন-সংক্রান্ত বিষয়ও আলোচনায় আসতে পারে বলে সূত্রের দাবি। সীমান্ত নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে এই বৈঠককে দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা