প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গ্যাসের সরবরাহ বাড়ানো হয়েছে এবং সামনে এ প্রবাহ আরও বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকারের আন্তরিকতা, নীতি ও বিভিন্ন উদ্যোগের কারণে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের প্রতিবেদনে বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। এর ফলে দেশে শুধু বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনাই তৈরি হবে না, নারী ও তরুণদের ক্ষমতায়নের ক্ষেত্রেও কর্মসংস্থানের ইতিবাচক ধারা তৈরি হবে।
জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সরকার গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে বিতরণে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
মূল্যস্ফীতির হার সন্তোষজনক পর্যায়ে নেমে এসেছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের জন্য ই-লোন সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণ উদ্যোক্তার জন্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা চালু করা হয়েছে।
দেশে শিল্পায়ন বাড়াতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে জানিয়ে মাহদী আমিন বলেন, সরকার নিরাপদ, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে চায়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন তিনি। মাহদী আমিন বলেন, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, অপরাধের বিষয়টি বিবেচনায় নিতে হবে। কেউ অপরাধ করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, আর অপরাধ না করলে তিনি ছাড়পত্র পাবেন।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সরকার স্বাধীন ও শক্তিশালী রাখতে চায়। এসব প্রতিষ্ঠানের কাজে সরকারের কোনো প্রভাব নেই বলেও দাবি করেন তিনি।
ভোরের আকাশ/ এনউব