কিস্তির টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশী হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

কক্সবাজার শহরে এনজিওর কিস্তির টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীকে হত্যার অভিযোগে রবিউল হোসাইন ওরফে রবি (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটামও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে নিহতের পরিবার কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। পরে দুপুর দেড়টার দিকে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়ার পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমি উদ্দিন।
তিনি জানান , গ্রেপ্তার রবিউল ঝিলংজা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রতিবেশী আজিমকে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল দুপুরে আসামির বাড়ির সামনে এনজিওর কিস্তির টাকা নিয়ে আজিমের সঙ্গে রবিউলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ঘরের পাশ থেকে একটি কাঠের বাটাম এনে আজিমের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আজিম।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে নিহতের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোরের আকাশ/এনউব