বরিশালে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক

বরিশাল জেলার কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটের সময় রসুলপুর গ্রামে কামরুলের গলিস্থ শান্তার মা’র ঘরের ভাড়াটিয়া মো. হামিদ সরদারের (৪৫) ভাড়া নেওয়া এক কক্ষবিশিষ্ট টিনের চালা ও টিনের বেড়াযুক্ত বসতঘরে অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি প্লাস্টিকের ঢাকনাবিহীন ড্রামের ভেতরে থাকা প্লাস্টিকের বস্তা ও পলিথিন থেকে মোট ৩ কেজি ৭৬০ গ্রাম গাঁজা এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর মধ্যে কাগজে মোড়ানো ৪৮৫টি গাঁজার পুরিয়া, যার ওজন ৩ কেজি ৩৩০ গ্রাম এবং লুস গাঁজা ৪৩০ গ্রাম ছিল। এছাড়াও দুইটি নীল রঙের জিপার ব্যাগে প্রতিটিতে ২৫০ পিস করে মোট ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়, যার মোট ওজন ৫০ গ্রাম।
আটককৃত ব্যক্তিরা হলেন বরিশাল জেলার কোতয়ালী থানার রসুলপুর গ্রামের সোবহান সরদারের ছেলে মো. হামিদ সরদার (৪৫), আরেকজন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা উত্তর চেচরী গ্রামের রহিম মুন্সির মেয়ে শিরিন আক্তার (২০)।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পক্ষ থেকে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ