দেশের কত জেলা ঘুরেছেন? অনলাইনে তৈরি করুন নিজের ভ্রমণ ম্যাপ

ভ্রমণপিপাসু মানুষ সুযোগ পেলেই ছুটে যান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কখনো পাহাড়, কখনো সমুদ্র, আবার কখনো ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে বেড়ানো তাদের নেশার মতো। তবে দেশের ৬৪ জেলার মধ্যে কতটি জেলা ঘোরা হয়েছে, আর কোনগুলো এখনো বাকি—এবার সেই হিসাব রাখার সুযোগ মিলছে অনলাইনে।
ভ্রমণপ্রেমীদের জন্য তৈরি করা হয়েছে একটি অনলাইন ‘ভ্রমণ ম্যাপ’, যেখানে খুব সহজেই নিজের ঘুরে আসা জেলাগুলো নির্বাচন করে তৈরি করা যাবে ব্যক্তিগত বাংলাদেশের ভ্রমণচিত্র।
সম্প্রতি ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের তৈরি এই ভ্রমণ ম্যাপটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সাড়া ফেলেছে। অনেকেই নিজেদের ভ্রমণ ম্যাপ তৈরি করে তা ফেসবুক টাইমলাইনে শেয়ার করছেন। সেখানে ফুটে উঠছে কে দেশের কোন কোন জেলা ঘুরেছেন এবং কোন কোন জেলা এখনো ভ্রমণ করা হয়নি।
যেভাবে তৈরি করবেন ভ্রমণ ম্যাপ
নিজের ভ্রমণ ম্যাপ তৈরি করতে প্রথমে প্রবেশ করতে হবে unseenbangladesh.com ওয়েবসাইটে। সেখানে বাংলাদেশের আটটি বিভাগের ৬৪ জেলার নামসহ একটি ইন্টার্যাকটিভ ম্যাপ পাওয়া যাবে।
যেসব জেলায় ইতোমধ্যে ভ্রমণ করেছেন, সেগুলো নির্বাচন করতে হবে। জেলা নির্বাচন করার জন্য তালিকা থেকে জেলার নামে ক্লিক করা যাবে। চাইলে সরাসরি মানচিত্রে থাকা নির্দিষ্ট জেলার ওপর ক্লিক করেও সেটি বেছে নেওয়া যাবে।
এ ছাড়া জেলার নাম লিখে সার্চ করেও নির্দিষ্ট জেলা খুঁজে বের করার সুবিধা রয়েছে।
যতগুলো জেলা নির্বাচন করা হবে, তার মোট সংখ্যা ম্যাপেই দেখাবে। যেমন—৬৪ জেলার মধ্যে ১০টি জেলা ভ্রমণ করা হয়ে থাকলে সেখানে দেখাবে ১০/৬৪।
একসঙ্গে সব জেলা নির্বাচন করার জন্য রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আর নতুন করে হিসাব শুরু করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’ অপশন।
পছন্দমতো থিম ও নাম যুক্ত করার সুবিধা
ভ্রমণ ম্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলতে ওয়েবসাইটটিতে রয়েছে পাঁচটি ভিন্ন থিম। ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী যেকোনো একটি থিম নির্বাচন করে ম্যাপটি সাজিয়ে নিতে পারবেন।
ম্যাপের সঙ্গে চাইলে নিজের ছবিও যুক্ত করা যাবে। রয়েছে নিজের নাম লেখার সুযোগও। তবে নাম যুক্ত করা সম্পূর্ণ ঐচ্ছিক। নাম লিখলে সেটি ম্যাপের ওপর প্রদর্শিত হবে। নাম না দিলে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।
ডাউনলোড করা যাবে PNG, JPG ও PDF ফরম্যাটে
নিজের পছন্দ অনুযায়ী ভ্রমণ ম্যাপ তৈরি ও সাজানো শেষ হলে ওয়েবসাইটের নিচের দিকে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশনে যেতে হবে।
সেখান থেকে তৈরি করা ভ্রমণ ম্যাপটি PNG, JPG অথবা PDF ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে। চাইলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করা যাবে।
ভ্রমণপ্রেমীদের জন্য এই অনলাইন ম্যাপ শুধু দেশের কোন কোন জেলা ঘোরা হয়েছে তার হিসাব রাখার মাধ্যমই নয়, বরং ভবিষ্যতে বাকি জেলাগুলো ভ্রমণের পরিকল্পনা করতেও অনুপ্রেরণা দিতে পারে।
ভোরের আকাশ/এনএসন