আবারও বাড়ল ভ্যাট রিটার্নের সময়

সার্ভার জটিলতা ও অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কারণে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমার সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআর থেকে জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে সই করেছেন এনবিআরের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান।
এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো সুদ বা জরিমানা দিতে হবে না। চলতি বছরে সার্ভার বা সিস্টেমের সমস্যার কারণে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ানোর ঘটনা এটিই প্রথম নয়।
আদেশে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে প্রবেশকারী (কনকারেন্ট) ব্যবহারকারীর সংখ্যা অত্যধিক হওয়ায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে করদাতাদের অক্টোবর ২০২৬ কর মেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে দাখিলের কাজ বিঘ্নিত হয়। এ প্রেক্ষাপটে জনস্বার্থে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে সময় বাড়ানো হয়েছে।
আইন অনুযায়ী, প্রতি মাসের ভ্যাট রিটার্ন পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হয়। সে হিসাবে অক্টোবরের রিটার্ন জমার শেষ দিন ছিল গতকাল রোববার। নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে আইনে বিলম্ব ফি ও জরিমানার বিধান আছে।
চলতি বছরে অন্তত চারবার রিটার্ন জমার সময় বাড়ানোর পেছনে সিস্টেমের সমস্যা কারণ হিসেবে এসেছে। জানুয়ারি মাসের রিটার্নের সময় বাড়িয়ে ২২ ফেব্রুয়ারি করা হয়েছিল। তখন সরকারি ছুটির পাশাপাশি কারণ হিসেবে বলা হয়েছিল, ১৫ ফেব্রুয়ারি এ-চালান সিস্টেমের ওটিপি সার্ভার বন্ধ ছিল। ফেব্রুয়ারির রিটার্নের সময় বাড়িয়ে ২৯ মার্চ করা হয়। তখন ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের ছুটির পাশাপাশি ই-ভ্যাট সিস্টেমের ধীরগতির কথা বলা হয়। মার্চের রিটার্নের সময় বাড়ানো হয় ২৩ এপ্রিল পর্যন্ত। সে সময় পয়লা বৈশাখের ছুটির পাশাপাশি ই-ভ্যাট সিস্টেম হালনাগাদ করতে গিয়ে তৈরি হওয়া প্রযুক্তিগত সমস্যার কথা বলা হয়েছিল। তবে, এবার ছুটির মতো অন্য কোনো কারণ নেই। শুধু সার্ভারে অতিরিক্ত চাপের কারণেই সময় বাড়ানো হলো।
ব্যবসায়ীদের অনেকে শেষ দিনে রিটার্ন জমা দিতে যান। ফলে, প্রতি মাসের ১৫ তারিখে সার্ভারে চাপ বাড়ে। এর আগেও শেষ সময়ে ই-ভ্যাট ও এ-চালান সিস্টেমে ধীরগতি নিয়ে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। অনলাইনে ভ্যাট রিটার্ন জমা বাধ্যতামূলক করার পর থেকে এই সিস্টেমের ওপর নির্ভরতা আরও বেড়েছে।
আদেশটির অনুলিপি এনবিআরের ভ্যাট বাস্তবায়ন ও আইটি, ভ্যাট নীতি এবং ভ্যাট নিরীক্ষা শাখার সদস্যদের পাশাপাশি সিনিয়র সিস্টেম অ্যানালিস্টের দপ্তরে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/আ.র