গ্র্যামির মঞ্চে দিলজিতের ঐতিহাসিক অর্জন

আন্তর্জাতিক সংগীতের মঞ্চে আরও একবার নিজের অবস্থান শক্ত করলেন পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। প্রথম ভারতীয় শিল্পী হিসেবে লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সরাসরি সংগীত পরিবেশন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত ২৭তম আসরে পুয়ের্তো রিকোর জনপ্রিয় সংগীতশিল্পী ড্যাডি ইয়াঙ্কির সঙ্গে মঞ্চ ভাগ করে নেন দিলজিৎ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এমজিএম গ্র্যান্ড গার্ডেন মঞ্চে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। সেখানে দুই শিল্পী তাদের সদ্য প্রকাশিত যৌথ গান ‘পোকিতো’ পরিবেশন করেন। পাঞ্জাবি ও লাতিন সংগীতের মেলবন্ধনে তাদের এই পরিবেশনা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে। গ্র্যামি অ্যাওয়ার্ডস হলো বিশ্ব সংগীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি, যা যুক্তরাষ্ট্রের ‘দ্য রেকর্ডিং অ্যাকাডেমি’ কর্তৃক প্রদান করা হয়।
অনুষ্ঠানের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবেশনার একটি ভিডিও প্রকাশ করেন দিলজিৎ। সেখানে তিনি লেখেন, পাঞ্জাবিরা চলে এসেছে লাতিন গ্র্যামিতে। বিশ্বের প্রতিটি মঞ্চে পাঞ্জাবি ভাষা ছড়িয়ে পড়বে। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।
পাশাপাশি ড্যাডি ইয়াঙ্কির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, একই মঞ্চে দুটি সংস্কৃতিকে একত্র করার জন্য তাকে ধন্যবাদ। আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই গায়ক।
এবারের অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন বেবি র্যাঙ্কস, ব্যাড গিয়াল, ডিভিনো, ডিজে প্রিমিয়ার, গ্রুপো নিচে, জে হুইলার, লিল সুপা, লুইস এনরিক, ন্যাথি পেলুসোসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক শিল্পী।
এদিকে অনুষ্ঠানের পেছনের মঞ্চে ড্যাডি ইয়াঙ্কির মা রোসা রদ্রিগেজের সঙ্গে দিলজিতের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পরিচয় করিয়ে দেওয়ার পর শ্রদ্ধা জানাতে রোসা রদ্রিগেজের পা ছুঁয়ে সালাম করেন দিলজিৎ। এ সময় পাশে ছিলেন ড্যাডি ইয়াঙ্কিও।
লাতিন গ্র্যামির মঞ্চে এই উপস্থিতি দিলজিতের আন্তর্জাতিক সংগীতযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। এর আগে ২০২৩ সালের এপ্রিলে প্রথম পাঞ্জাবি শিল্পী হিসেবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কোচেলা সংগীত উৎসবে গান গেয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।
আগামী ২০২৭ সালেও কোচেলা উৎসবে ফিরছেন দিলজিৎ। উৎসবের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ৯ ও ১৬ এপ্রিল মঞ্চে উঠবেন তিনি। একই আয়োজনে প্রধান শিল্পী হিসেবে থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী দুয়া লিপা।
এদিকে বর্তমানে ভারতের বিভিন্ন শহরে ‘আউরা ট্যুর ২০২৬’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ৪২ বছর বয়সী এই গায়ক। গত ৩০ অক্টোবর দিল্লিতে শুরু হয়েছে তার এই সংগীত সফর। আগামী ১৫ নভেম্বর ইন্দোরে তার পরবর্তী পরিবেশনা হওয়ার কথা রয়েছে।
ভোরের আকাশ/জেআ