ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত হবে জেমসের গান

চার দশকেরও বেশি সময় ধরে বাংলা ব্যান্ড সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন নগরবাউল জেমস। তাঁর জনপ্রিয় গান ও সংগীতজীবনের নানা স্মৃতি এবার সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে এই কিংবদন্তি শিল্পীর গান ও সংগীতসম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে।
‘জেমস ফাউন্ডেশন’ নামে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া নিয়ে চলছে তোড়জোড়। জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন বছরের শুরুর দিকে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
দিন দুয়েক ধরে ফেসবুকে খবরটি ভেসে বেড়াচ্ছিল। পরে তাতে সিলমোহর দেন রবিন। তিনি জানান, অনেক দিন ধরেই এই ফাউন্ডেশন গড়ে তোলার পরিকল্পনা চলছিল। ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রবিন ঠাকুর বলেন, ‘দেশের মানুষ যে ভালোবাসা নগরবাউল জেমসকে দিয়ে যাচ্ছেন, সেই দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। জেমসের গানগুলো যেন সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, তা নিয়ে কাজ করবে ফাউন্ডেশনটি। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে।’
উল্লেখ্য, গেল শতকের আশির দশকের শুরুতে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে ব্যান্ড সংগীতে আত্মপ্রকাশ করেন জেমস। পরে ‘নগরবাউল জেমস’ নামে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন। চার দশক পেরিয়ে এখনো তিনি নিয়মিত কনসার্ট করে যাচ্ছেন। দেশ-বিদেশের বাঙালি শ্রোতাদের মাতিয়ে রাখছেন তার জাদুকরী পরিবেশনায়।
ভোরের আকাশ/জেআ