ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র সুচন্দার জন্মদিন আজ

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী, ব্যক্তিত্ব ও সৃজনশীলতার মাধ্যমে আলাদা জায়গা করে নিয়েছেন কোহিনূর আখতার সুচন্দা। একাধারে সফল অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বহু কালজয়ী চলচ্চিত্র। আজ এই গুণী শিল্পীর জন্মদিন।
১৯৪৭ সালের এই দিনে খুলনার সাতক্ষীরা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সুচন্দা। সুভাষ দত্ত পরিচালিত ‘কাগজের নৌকা’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৬৬ সালে বড় পর্দায় অভিষেক হয় তার।
এরপর একে একে ‘বেহুলা’, ‘চাওয়া পাওয়া’, ‘নয়নতারা’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘যে আগুনে পুড়ি’, ‘কাঁচের স্বর্গ’, ‘অশ্রু দিয়ে লেখা’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ‘জীবন থেকে নেয়া’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন সুচন্দা।
শুধু অভিনয়েই নয়, চলচ্চিত্র প্রযোজনাতেও সফলতা অর্জন করেন এই শিল্পী। নির্মাতা হিসেবেও তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। সুচন্দা পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সবুজ কোট কালো চশমা’। প্রযোজক হিসেবে তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তিনকন্যা’, ‘বেহুলা লখীন্দর’, ‘বাসনা’ ও ‘প্রেমপ্রীতি’।
২০০৫ সালে স্বামী ও বরেণ্য চলচ্চিত্রকার জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন সুচন্দা। সিনেমাটির প্রযোজনার পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেন তিনি। চলচ্চিত্রটি নির্মাণের জন্য সেরা প্রযোজক ও পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই গুণী শিল্পী।
দীর্ঘ অভিনয়জীবন ও চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন সুচন্দা।
বাংলাদেশের চলচ্চিত্রের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই শিল্পীর জন্মদিনে সহকর্মী, ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
ভোরের আকাশ/জেআ