‘রূপনগরের রাজকন্যা’ হয়ে ফিরছেন সালমা

নিজের নতুন গানের কয়েকটি লাইন প্রকাশ করে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গানের কথায় ‘রূপনগরের রাজকন্যা’ পরিচয় তুলে ধরে তিনি জানিয়েছেন, স্বপ্ন, আত্মবিশ্বাস ও ভালোবাসার মধ্যেই নিজের রাজকন্যাসুলভ সত্তাকে খুঁজে পান।
সম্প্রতি প্রকাশ পেয়েছে সালমা ও পিয়াল হাসানের দ্বৈত গান ‘রূপকুমারী’। গানটির কথায় রয়েছে রূপনগরের রাজকন্যা হওয়ার গল্প। ‘আমি রূপনগরের রাজকন্যা পূর্ণিমার চান/ নিজের হাতে আল্লায় আমায় বানাইছে রূপবান’- এমন কথার গানটি প্রকাশের পর নিজের ফেসবুকেও এর একটি অংশ ভাগ করে নেন সালমা।
সেখানে তিনি লেখেন, ‘আমি তো সত্যিই রূপনগরের রাজকন্যা! নামেই নয়, নিজের স্বপ্ন, আত্মবিশ্বাস আর ভালোবাসায়ও আমি রূপনগরের রাজকন্যা।’
পিয়াল হাসানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর করেছেন পিয়াল হাসান ও শাহরিয়ার রাফাত। সংগীতায়োজনও করেছেন শাহরিয়ার রাফাত। গানচিত্রে নৃত্যশিল্পীদের সঙ্গে পারফর্ম করেছেন রুহুল আমিন ও আঞ্জুমান মেহজাবিন। ভিডিওটি নির্মাণ করেছেন নাজমুল ইভান।
নতুন গান প্রকাশের পাশাপাশি কনসার্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমা। সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে তার আরেকটি গান ‘মিছামিছি তোমায় নিয়া বানাইছিলাম ঘর’। সম্প্রতি রেকর্ড করেছেন আরও একটি গান।
এর পাশাপাশি চলছে নিয়মিত মঞ্চ পরিবেশনা। কয়েক দিন আগেই চট্টগ্রামে গান গেয়েছেন তিনি। শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।
ভোরের আকাশ/জেআ