জলাবদ্ধতা মোকাবিলায় ডিএনসিসির জরুরি কন্ট্রোলরুম চালু

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় আকস্মিক অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনে জরুরি কন্ট্রোলরুম চালু করেছে ডিএনসিসি।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে ডিএনসিসির মুখপাত্র মো. জোবায়ের হোসেন জানান, নগরবাসীর যেকোনো জলাবদ্ধতার তথ্য দ্রুত সংগ্রহ ও সমাধান নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত তথ্য জানানোর জন্য নাগরিকদের ডিএনসিসির হটলাইন ১৬১০৬ অথবা কন্ট্রোলরুমের দুটি মোবাইল নম্বরে — ০১৭৩৯৮২৪৮৬৬ ও ০১৯৬৮৪৬৮৩৬৭ — ফোন করার অনুরোধ জানানো হয়েছে।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, "ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যেকোনো এলাকায় জলাবদ্ধতার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।"
সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, আগাম প্রস্তুতির ফলে এবারের বৃষ্টিতে ডিএনসিসি এলাকাজুড়ে জলাবদ্ধতার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
ভোরের আকাশ//হ.র