এক সপ্তাহে আওয়ামী লীগের ২১৩ নাশকতার দাবি

এক সপ্তাহে ২১৩টি নাশকতার ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ সময়ে ১২১টি ককটেল বিস্ফোরণ, ৯৯টি গণপরিবহনে আগুন এবং গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, উনি বলছেন না যে আসার পর ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে হবে। ভারতের কেউ কেউ বলেন, উনি নাকি এখনও প্রধানমন্ত্রী।
ডা. জাহেদ উর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সেই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। তিনি যে দেশে অবস্থান করছেন, সেই দেশের কাছে তাকে বাংলাদেশের হাতে হস্তান্তরের (প্রত্যার্পণ) আবেদন জানানো হয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, তাকে হস্তান্তর (প্রত্যার্পণ) করা হলে বাংলাদেশ বিমানে আনা হবে, নাকি তিনি ওই দেশের বিমানে আসবেন, তা পরে নির্ধারণ করা হবে।
এদিকে, নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ এবং এ নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে কথা বলেন তিনি। তার দাবি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যমে ব্যাপক অপতথ্য ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্যাপক হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন—এমন দাবি করে ভারতের মূলধারার গণমাধ্যমে বিভিন্ন সময় অপতথ্য প্রচার করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম এসব তথ্য খণ্ডন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ধরনের অপতথ্য প্রচার থেকে বিরত থাকতে ভারত সরকার ও দেশটির গণমাধ্যমের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তার মতে, এ ধরনের প্রচার দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়।
ভোরের আকাশ/জেআ