শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষকদের তিন দফা দাবি যৌক্তিকভাবে বিবেচনা করে মেনে নেওয়া সরকারের দায়িত্ব। আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক। শিক্ষকের প্রতি সহনশীল আচরণ জরুরি।
তিনি আরও উল্লেখ করেছেন, শিক্ষকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি শিক্ষার্থী, অভিভাবক ও জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। বার্ষিক পরীক্ষা শুরুর আগে শিক্ষাব্যবস্থা অচল হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা।
মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কঠোর অবস্থান থেকে সরে এসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। শিক্ষকদের আন্দোলনের দ্রুত সমাপ্তি ঘটিয়ে তাদের ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করার জন্য আমি সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।
ভোরের আকাশ/এসএইচ