নাটক সাজিয়ে পরিকল্পিত ভাবে আটক দাবি জামায়াতের

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে পরিকল্পিতভাবে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জুবায়ের বলেন, বেলাল উদ্দিন প্রধান ব্যবসায়িক অর্থ বহন করছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য তাঁর বিরুদ্ধে একটি পরিকল্পিত নাটক সাজিয়েছে। তিনি জানান, টাকার উৎস ও ব্যবহার সম্পর্কিত বিস্তারিত প্রমাণ যথাসময়ে প্রকাশ করা হবে।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান বলেন, বেলাল উদ্দিনকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ডোমেস্টিক টার্মিনাল থেকে অনাপত্তিপত্র দিয়েছিলেন নিরাপত্তা কর্মকর্তারা। বিমানবন্দরের নির্বাহী পরিচালক অনাপত্তিপত্র দিয়েছিলেন। সেই অনাপত্তিপত্র সঙ্গে থাকার পরও তাকে আটক করা হয়েছে। তিনি সৈয়দপুর পৌঁছানোর পর তাকে সেখানে হেনস্থা করা হয়েছে।
এদিকে সৈয়দপুরে আটক জামায়াত নেতার সঙ্গে থাকা অর্থ শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানান বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ।
সৈয়দপুর বিমানবন্দরে বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ৫০ লাখ টাকাসহ আটক করা হয় বেলাল উদ্দিন প্রধানকে। পরে জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন প্রধান স্বীকার করেন, তার সঙ্গে ৫০ লাখ টাকার বেশি আছে। তবে টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
বেলাল উদ্দিন প্রধান আরও জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়ায়। পেশায় ঠাকুরগাঁওয়ের সালন্দর কলেজের শিক্ষক। তার বাবার নাম দবিরুল।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘ইউএস বাংলায় করে ঢাকা থেকে বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির টাকা নিয়ে আসছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি। এ তথ্য জানার পর বিমানবন্দরে গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন বাহিনী ব্যবস্থা নেয়। পরে তাকে আটক করা হয়।
ভোরের আকাশ/এনএস