ঘরেই তৈরি করুন সুস্বাদু কমলা ভোগ মিষ্টি

মিষ্টি খেতে ভালোবাসেন, অথচ প্রতিবার দোকান থেকে কিনে আনতে চান না? তাহলে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু কমলা ভোগ। ছানা দিয়ে তৈরি এই মিষ্টি নরম, রসালো ও হালকা কমলার সুবাসে ভরপুর। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সদস্যদের জন্য বিশেষ কোনো দিনে এটি হতে পারে দারুণ একটি আয়োজন।
কমলা ভোগ তৈরির উপকরণ
দুধ: ১ লিটার
লেবুর রস বা ভিনেগার: ২–৩ টেবিল চামচ
ময়দা: ১ চা চামচ
কমলার খোসার কুচি: সামান্য (ঐচ্ছিক)
কমলার ফুড কালার: সামান্য (ঐচ্ছিক)
চিনি: ২ কাপ
পানি: ৪ কাপ
এলাচ: ২–৩টি
কমলার রস: ১–২ টেবিল চামচ (ঐচ্ছিক)
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে একটি পাত্রে দুধ জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে ধীরে ধীরে লেবুর রস বা ভিনেগার মেশান। দুধের ছানা ও পানি আলাদা হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ছানা ধুয়ে নিন। এরপর কাপড় ঝুলিয়ে রেখে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলুন।
২. ছানা একটি পরিষ্কার থালায় নিয়ে হাতের তালু দিয়ে ৮–১০ মিনিট ভালোভাবে মথে নিন। ছানা মসৃণ হয়ে এলে ময়দা, কমলার খোসার কুচি ও সামান্য কমলার ফুড কালার দিয়ে আবার মথুন।
৩. মাখানো ছানা থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল বা লম্বাটে মিষ্টির আকার তৈরি করুন। খেয়াল রাখবেন, মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে।
৪. একটি বড় পাত্রে পানি ও চিনি নিয়ে জ্বাল দিন। চিনি গলে সিরা ফুটতে শুরু করলে এলাচ দিয়ে দিন। সিরা এমনভাবে ফুটতে হবে, যাতে মিষ্টিগুলো ফুলে ওঠার জন্য পর্যাপ্ত জায়গা থাকে।
৫. ফুটন্ত সিরায় ছানার মিষ্টিগুলো সাবধানে ছেড়ে দিন। পাত্র ঢেকে মাঝারি আঁচে ১৫–২০ মিনিট রান্না করুন। মিষ্টি ফুলে উঠলে প্রয়োজনে অল্প গরম পানি যোগ করুন, যাতে সিরার পরিমাণ ঠিক থাকে।
৬. চুলা বন্ধ করার আগে চাইলে অল্প কমলার রস মেশাতে পারেন। তবে বেশি রস দিলে সিরার স্বাদ ও ভারসাম্য বদলে যেতে পারে। এরপর মিষ্টিগুলো সিরায় অন্তত ১–২ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
পরিবেশনের আগে
মিষ্টিগুলো ঠান্ডা হলে পরিবেশন করুন। চাইলে ওপরে সামান্য কমলার খোসার কুচি ছড়িয়ে সাজিয়ে নিতে পারেন। ফ্রিজে রেখে ঠান্ডা করেও খাওয়া যায়।
টিপস: নরম ও রসালো কমলা ভোগ তৈরির মূল কৌশল হলো ছানা ভালোভাবে মথে নেওয়া, মিষ্টির গায়ে ফাটল না রাখা এবং পর্যাপ্ত সিরায় সঠিক আঁচে রান্না করা। কমলার খোসার সাদা অংশ ব্যবহার করবেন না; এতে তেতো স্বাদ আসতে পারে।
ভোরের আকাশ/জেআ