ক্রিসপি চিকেন তৈরির রেসিপি

বাইরে সোনালি ও মচমচে আবরণ, ভেতরে নরম ও রসালো মাংস—ক্রিসপি চিকেনের এমন স্বাদ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। রেস্টুরেন্টের মতো মজাদার এই খাবারটি এবার তৈরি করতে পারেন ঘরেই। সহজ কিছু উপকরণ আর কয়েকটি ধাপ অনুসরণ করলেই তৈরি হবে সুস্বাদু ক্রিসপি চিকেন, যা বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে হতে পারে দারুণ আয়োজন।
উপকরণ
- মুরগির বুকের মাংস ১ কেজি
- ডিম ২টি
- পানি ২০০ মিলিলিটার (১ কাপ)
- দুধ ১০০ মিলিলিটার (আধা কাপ)
- রসুন বাটা বা কুচি ১ কোয়া
- লবণ ১ চা-চামচ
- মরিচের ফ্লেক্স ১ চা-চামচ
- কারি পাউডার ১ চা-চামচ
- গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
- বেকিং সোডা ১ চা-চামচ
- ময়দা ২ কাপ (প্রয়োজনে আরও কিছুটা)
কোটিংয়ের জন্য
- ময়দা পরিমাণমতো
- লবণ স্বাদমতো
ভাজার জন্য
- পর্যাপ্ত তেল
প্রস্তুত প্রণালি
১. প্রথমে মুরগির বুকের মাংস পছন্দমতো লম্বা বা ছোট টুকরো করে কেটে নিন।
২. একটি বড় বাটিতে ডিম, পানি, দুধ, রসুন, লবণ, মরিচের ফ্লেক্স, কারি পাউডার, গোলমরিচ ও বেকিং সোডা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
৩. এবার মিশ্রণে ময়দা দিয়ে মসৃণ, ঘন ও কিছুটা তরল ব্যাটার তৈরি করুন। ব্যাটার বেশি পাতলা হলে আরও ময়দা যোগ করুন।
৪. কেটে রাখা মুরগির টুকরোগুলো ব্যাটারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ঢেকে অন্তত ৩ থেকে ৪ ঘণ্টা ফ্রিজে রেখে মেরিনেট করুন।
৫. আলাদা একটি পাত্রে ময়দা ও লবণ মিশিয়ে নিন। মেরিনেট করা চিকেনের টুকরোগুলো ময়দায় গড়িয়ে ভালোভাবে কোট করে বাড়তি ময়দা ঝেড়ে ফেলুন।
৬. কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে চিকেনের টুকরোগুলো সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না নিশ্চিত করুন।
কিছু টিপস
- চিকেন ৩-৪ ঘণ্টা মেরিনেট করলে স্বাদ ভালোভাবে ভেতরে ঢুকবে।
- তেল অতিরিক্ত গরম হলে বাইরে পুড়ে গেলেও ভেতর কাঁচা থাকতে পারে।
- একসঙ্গে বেশি চিকেন তেলে দেবেন না। এতে তেলের তাপমাত্রা কমে যেতে পারে।
- ৫০০ গ্রাম চিকেন দিয়ে তৈরি করতে চাইলে সব উপকরণের পরিমাণ অর্ধেক করে নিন।
গরম গরম ক্রিসপি চিকেন টমেটো সস, মেয়োনিজ বা পছন্দের ডিপের সঙ্গে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল ঘরোয়া মজাদার ক্রিসপি চিকেন। এবার উপভোগ করার পালা!
ভোরের আকাশ/জেআ