হৃদয় হরণ পিঠা বানানোর সহজ রেসিপি

পিঠা বাঙালির ঐতিহ্যবাহী খাবারের অন্যতম। নানা স্বাদের ও আকৃতির পিঠার মধ্যে হৃদয় হরণ পিঠা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। ঘরেই অল্প কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি করা যায় এই মজাদার পিঠা।
উপকরণ
১ কাপ ময়দা
১ চিমটি লবণ
৪ টেবিল চামচ সাদা তেল
আধা কাপ সাদা তেল, ভাজার জন্য
১ কাপ চিনি
আধা কাপ পানি
২টি এলাচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে চিনি, পানি ও এলাচ দিয়ে জ্বাল দিন। চিনি গলে গেলে ভালোভাবে ফুটিয়ে ঘন সিরা তৈরি করে চুলা থেকে নামিয়ে রাখুন।
এবার একটি বাটিতে ময়দা, লবণ ও ৪ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে মেখে নরম ডো তৈরি করুন। ডোটি ঢেকে প্রায় ১৫ মিনিট রেখে দিন।
এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে রুটির মতো পাতলা করে বেলে নিন। এর ওপর সামান্য তেল ও ময়দা ছড়িয়ে পাখার মতো করে কুচি করে নিন। এবার সেটি হাত দিয়ে ঘুরিয়ে হৃদয়ের আকৃতি দিন। শেষের অংশে সামান্য পানি লাগিয়ে ভালোভাবে আটকে দিন, যাতে ভাজার সময় খুলে না যায়।
একইভাবে বাকি ডো দিয়েও সবগুলো পিঠা তৈরি করে নিন।
এবার কড়াইয়ে ভাজার জন্য তেল গরম করুন। তেল গরম হলে আঁচ কমিয়ে পিঠাগুলো একে একে দিয়ে দুই পাশ সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা পিঠাগুলো তুলে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।
সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে সিরার মধ্যে দিয়ে ৫ থেকে ১০ মিনিট রেখে দিন। এরপর সিরা থেকে তুলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু হৃদয় হরণ পিঠা।
ভোরের আকাশ/জেআ