বাবা-মায়ের ৩ অভ্যাসই গড়ে দেয় সন্তানের ভবিষ্যৎ

শিশুরা শুধু বাবা-মায়ের কথা শুনে নয়, বরং তাদের আচরণ দেখে শেখে। পরিবারের পরিবেশ, অভিভাবকদের ব্যবহার ও দৈনন্দিন অভ্যাস সন্তানের ব্যক্তিত্ব, মূল্যবোধ এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সন্তানকে সুশিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে আগে বাবা-মাকেই নিজেদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
বিশেষজ্ঞদের মতে, বাবা-মায়ের তিনটি অভ্যাস সন্তানের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
পরিবারের সদস্যদের প্রতি আচরণ
পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাবা-মায়ের সম্মানজনক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সন্তানের মধ্যেও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করে। শিশুদের সামনে ঝগড়া-বিবাদ বা কাউকে ছোট করে কথা বলা তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে।
মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি
বাবা-মা যদি সারাক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত থাকেন, অথচ সন্তানকে ফোন ব্যবহার থেকে বিরত থাকতে বলেন, তবে তা কার্যকর হয় না। শিশুদের সঙ্গে কথা বলার সময় মোবাইল দূরে রাখা এবং প্রতিদিন কিছু সময় পারিবারিক সময় (ফ্যামিলি টাইম) হিসেবে কাটানো তাদের বাস্তব সম্পর্কের গুরুত্ব শেখায় ও স্ক্রিননির্ভরতা কমায়।
অপ্রয়োজনীয় খরচের অভ্যাস
বাবা-মায়ের অযথা খরচ করার অভ্যাস সন্তানের মধ্যেও অর্থের প্রতি দায়িত্বহীন মনোভাব তৈরি করতে পারে। তাই শিশুদের সঞ্চয়ের গুরুত্ব বোঝানো, প্রয়োজন ও বিলাসিতার পার্থক্য শেখানো এবং ছোটখাটো আর্থিক সিদ্ধান্তে তাদের সম্পৃক্ত করা জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, সন্তানকে শুধু শাসন করলেই হবে না; বরং বাবা-মায়ের আচরণই তার সবচেয়ে বড় শিক্ষা। তাই নিজেদের অভ্যাস ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই গড়ে উঠতে পারে সুস্থ, সুন্দর ও আদর্শ পারিবারিক পরিবেশ।
ভোরের আকাশ/এনএ