টানা পঞ্চমবার আইসিএসবি করপোরেট গভর্ন্যান্স গোল্ড অ্যাওয়ার্ড অর্জন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের

শক্তিশালী করপোরেট সুশাসন চর্চার প্রতি ধারাবাহিক অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এ ‘ফুড অ্যান্ড অ্যালাইড কোম্পানিজ’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো এই স্বীকৃতি অর্জন করল প্রতিষ্ঠানটি।
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন। ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা; নন-এক্সিকিউটিভ ডিরেক্টর জিনিয়া তানজিনা হক; এবং কোম্পানি সেক্রেটারি শারমিন আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান জনাব মাসুদ খান, এফসিএ, এফসিএমএ; এবং দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা বলেন, “টানা পঞ্চমবারের মতো এই স্বীকৃতি অর্জন স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক ব্যবসায়িক চর্চার প্রতি আমাদের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। ইউসিএলে শক্তিশালী করপোরেট সুশাসন আমাদের কার্যক্রম পরিচালনা এবং অংশীজনদের সঙ্গে আস্থা তৈরির কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই স্বীকৃতি আমাদের সুশাসনের মান আরও শক্তিশালী করতে এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা অব্যাহত রাখতে উৎসাহিত করবে।”
আইসিএসবি করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড একটি কঠোর ও নিরপেক্ষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হয়। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন কারিগরি কমিটির মাধ্যমে মূল্যায়ন করা হয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড চূড়ান্ত বিজয়ীদের অনুমোদন দেয়।
এই স্বীকৃতি বাংলাদেশের করপোরেট খাতে উচ্চমানের করপোরেট সুশাসন ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা বজায় রাখার ক্ষেত্রে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের ধারাবাহিক অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।
ভোরের আকাশ/এনএস