রাকসু নির্বাচন
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শনিবার (১৩ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে। সেই দিন থেকেই প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা চালাতে পারবেন।
এবারের নির্বাচনে ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো প্যানেল পূর্ণাঙ্গভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামাতে পারেনি। নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল মনোনীত প্যানেল, ছাত্রশিবির- সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।
প্রার্থী হিসেবে উল্লেখযোগ্য পদে লড়বেন- ছাত্রশিবির- সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে মোস্তাকুর রহমান (ভিপি), ফজলে রাব্বি মো. ফাহিম রেজা (জিএস) ও এস এম সালমান সাব্বির (এজিএস)। ছাত্রদল প্যানেল থেকে শেখ নূর উদ্দিন আবির (ভিপি), নাফিউল জীবন (জিএস) ও জাহিন বিশ্বাস এষা (এজিএস)। এছাড়া অন্যান্য প্যানেল থেকেও বিভিন্ন শীর্ষ পদে বিশিষ্ট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাকসুর ৬৩ বছরের ইতিহাসে এবার তাসিন খান প্রথম নারী ভিপি প্রার্থী হিসেবে নির্বাচনি লড়াইয়ে অংশ নিচ্ছেন।
নির্বাচনের সময়সূচি অনুযায়ী, ভোটগ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
ভোরের আকাশ/এসএইচ