সমাজসেবা কর্মকর্তার দায়িত্বে অবহেলার অভিযোগে কর্মচারীকে শোকজ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি চেয়ারে এক বহিরাগত যুবকের বসে টিকটক ভিডিও তৈরির ঘটনায় চরম দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দাপ্তরিক শৃঙ্খলাভঙ্গের দায়ে ওই দিন দায়িত্বে থাকা কার্যালয়ের সমাজকর্মী বাবুল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, অভি মাহমুদ নামের এক বহিরাগত যুবক সমাজসেবা কর্মকর্তার মূল চেয়ারে বসে টিকটকের গানের তালে নানা অঙ্গভঙ্গি করছেন। এ সময় টেবিলে দাপ্তরিক নথি, সরকারি ফাইলপত্র এবং কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেটও স্পষ্ট দেখা যায়।
অনুসন্ধানে জানা যায়, গত ৪ নভেম্বর টিকটক ভিডিওটি ধারণ করা হয়। ঘটনার দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম প্রশিক্ষণের জন্য কুমিল্লার বাইরে ছিলেন। সে সময় কার্যালয়ের দায়িত্ব ও তদারকিতে অবহেলার কারণে সমাজকর্মী বাবুল হোসেনকে এই শোকজ করা হয়।
এ বিষয়ে সমাজকর্মী বাবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার দিন আমাদের ফ্যামিলি কার্ডের কর্মসূচি ছিল; আমরা সেই কাজে বেশ ব্যস্ত ছিলাম।
এদিকে স্পর্শকাতর একটি সরকারি প্রতিষ্ঠানে বিনা অনুমতিতে বহিরাগত প্রবেশ করে কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণ করার ঘটনায় সাধারণ সেবাপ্রত্যাশীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সচেতন মহলের প্রশ্ন, দাপ্তরিক ব্যস্ততার অজুহাতে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের নজরদারি এড়িয়ে একজন বহিরাগত কীভাবে কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণের সুযোগ পেলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। ভিডিও ধারণকারী অভি মাহমুদকে ডেকে মুচলেকা নেওয়া হয় এবং পরে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান জানান, ভিডিওটি নজরে আসার পরই ওই কিশোরকে ডেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করে রাখা হয়েছে। পাশাপাশি সেদিনের ঘটনার জন্য দায়িত্বে অবহেলাকারী সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট স্টাফকে শোকজ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
ভোরের আকাশ/ এনউব