জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে: পরিবেশ প্রতিমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সব স্তরের মানুষকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, গণপূর্ত নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. সরোয়ার হোসেইন, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আকবর আহম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলুসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, জেলা তথ্য কর্মকর্তা মো. রোস্তম আলী, জেলা সমবায় কর্মকর্তা মোসা. আমিনা পারভিন, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।
তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৈতিকভাবে জাগ্রত হয়ে দুর্নীতির ঊর্ধ্বে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ দূষণ সৃষ্টিকারী পলিথিন ও প্লাস্টিক বর্জন করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সচেতনতার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, অবৈধ ইটভাটা বন্ধ করা এবং ইটভাটায় কৃষিজমির উর্বর মাটি ব্যবহার বন্ধের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
সভায় তিনি নড়াইলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ভোরের আকাশ/সু.পা