সোনাইমুড়ীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্নীতির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের ওপর হামলা ও থানায় মামলা গ্রহণে গড়িমসির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেন দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান। সংবাদ প্রকাশের জেরে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বক্তারা। একই সঙ্গে তাদের সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, হামলার পর ভুক্তভোগী সাংবাদিকরা মামলা করতে সোনাইমুড়ী থানায় গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মামলা গ্রহণ না করে শুধু সাধারণ অভিযোগ রাখেন। তাদের দাবি, ঘটনার চার দিন পরও মামলা রেকর্ড না করে তদন্তের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে।
এ ছাড়া কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আহত সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির পাল্টা অভিযোগ পুলিশ গ্রহণ করেছে বলেও অভিযোগ করেন বক্তারা। চড়ুইভাতি পার্টি সেন্টারে হামলার ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশ এখন পর্যন্ত সংগ্রহ করেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজাদ সোহেল, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা, কবিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজসহ অনেকে।
সাংবাদিক নেতারা বলেন, সত্য ও তথ্যভিত্তিক দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে ঘটনার দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতারা।
ভোরের আকাশ/সু.পা