বাসাইলে সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

‘করবো সমবায়, গড়ব দেশ–সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে বাসাইল উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আহমেদ আযম খান।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, সমবায়ের মধ্য দিয়ে আমরা যদি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, আমাদের মূলধন আরও বাড়াতে পারি, আমাদের ঋণের বিনিয়োগ বাড়াতে পারি এবং ঋণের আদায়ের হার বাড়াতে পারি—তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি।
তিনি আরও বলেন, আমরা যারা সমবায়ী আন্দোলনের সাথে জড়িত, তাঁদের আরও একটু এগিয়ে আসা প্রয়োজন আছে। এই সমবায় আন্দোলন সারা বাংলাদেশে যদি সমৃদ্ধ হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। এই সমবায় আন্দোলন বাসাইলসহ যদি আমরা ব্যাপকভাবে কৃষকদের মাঝে ও সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ কায়েমে এগিয়ে যেতে পারি।
মন্ত্রী সমবায়ের গুরুত্ব তুলে ধরে আরও বলেন, এই সমবায়ের মাধ্যমে মানুষকে সচেতন করা, মানুষকে স্বাবলম্বী করা, মানুষকে আর্থিক সহায়তা দেওয়া এবং মানুষকে আর্থিকভাবে সচ্ছল করা—এসব কিন্তু এই সমবায়ী আন্দোলনের মাধ্যমেই হতে পারে।
এতে সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংল লিমিটেডের সভাপতি রাহেলা জাকির, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, উপজেলা বিআরডিবির সহ-সভাপতি সাদেকুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক সাহা, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব