গাজীপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাইজুদ্দিন মোল্লার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সাইজুদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কাশিমপুর থানা আওয়ামী লীগের সাবেক নেতা ও গাজীপুর মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর একদিন পর শনিবার সকালে দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে। খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তাদের যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। পরিবারের দাবি, অগ্নিসংযোগের আগে বাড়িতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক বলেন, শনিবার সকাল ৭টার দিকে বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বাড়ির বাসিন্দাদের দাবি, দুর্বৃত্তরা বাড়িটিতে আগুন দিয়েছে। এতে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/জেআ