সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ পুলিশের

সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর পেছনে বহিরাগত ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনকে আরও সহিংস রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় কয়েকটি স্থানে সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে বেলা সোয়া ১২টার দিকে তারা সড়ক থেকে সরে যান।
সকাল থেকে আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া।
তিনি বলেন, সকালে আশুলিয়ার চারাবাগ এলাকায় কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা সড়কে নেমে আসেন। পরে তারা শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে যান। তবে একই সময়ে সাভারের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন।
তিনি আরও বলেন, হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া, ডেলিকেট গার্মেন্টসের সামনে ও ব্যাংকটাউন এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও বিজিবি যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এসব এলাকার অবরোধ তুলে দেয়। এ সময় কোথাও যানজটের সৃষ্টি হয়নি।
শিল্প পুলিশের এই কর্মকর্তা জানান, পদ্দার মোড় এলাকায় একটি পোশাক কারখানার সামনে কিছু বহিরাগত ও সাবেক শ্রমিক এসে ফটক আটকে দেন। পরে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে আশুলিয়ার কোথাও সংঘর্ষের ঘটনা নেই।
তিনি জানান, মঙ্গলবার সাভার ও আশুলিয়া এলাকায় শিল্প পুলিশের ৬০০-এর বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়াসহ বিভিন্ন কারণে আরও প্রায় ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।
পুলিশ সুপার বলেন, শ্রমিকেরা কোথাও সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিচ্ছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের কেউ কেউ পুলিশ ও বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এতে কারখানার ফটকসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
এদিকে দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, সকাল থেকেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। শ্রমিকদের দাবিদাওয়া পূরণ না হওয়ায় তারা আন্দোলন করছেন। তবে এই আন্দোলনে শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরাও যুক্ত হয়েছেন বলে পুলিশের ধারণা।
তিনি বলেন, ‘তারা শ্রমিকদের উসকানি দিয়ে গার্মেন্টস আন্দোলনকে আরও ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা করছেন। আমরা কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সকাল থেকে বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বন্ধ ও সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে। আমরা তাদের সরিয়ে দিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
আন্দোলনের পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে ওসি বলেন, এ পর্যন্ত ১১৭ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মূল হোতাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মোট ১১টি মামলা হয়েছে। এসব মামলায় ১১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দায়িত্ব পালন প্রসঙ্গে ওসি বলেন, ‘আমরা অত্যন্ত ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছি। কোনো ধরনের প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করছি না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের নিজেদের ভাই মনে করে দায়িত্ব পালন করছি। তবে যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনের মধ্যে থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, শ্রমিকদের মজুরির দাবিকে কেন্দ্র করে আন্দোলন শুরু হলেও এর পেছনে অন্য কোনো উসকানিদাতা ও নিষিদ্ধ সংগঠনের সক্রিয়তা রয়েছে বলে পুলিশের ধারণা। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, সাভারে বিজিবির দুটি প্লাটুন মোতায়েন রয়েছে। দুষ্কৃতকারীদের আটক, তাদের বিতাড়িত করা ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই পুলিশের মূল লক্ষ্য।
অন্যদিকে, সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা শ্রমিকেরা বেলা সোয়া ১২টার দিকে সড়ক থেকে সরে যান। বেলা সাড়ে ১২টার দিকে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
ভোরের আকাশ/সু.পা