নেত্রকোনায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলশিক্ষার্থী আহত

নেত্রকোনা জেলা শহরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকার কাছে কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মোক্তারপাড়া সেতুর অদূরে সার্কিট হাউস মোড়ে ৮ থেকে ১০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এক শিক্ষার্থীর মাথায় গুরুতর আঘাত লাগে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি পুলিশ।
আহত দুই শিক্ষার্থী হলো—মোক্তারপাড়া কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান (১৩) এবং দত্ত উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রায়ান বিন আপন রিদীন (১৩)। রায়হানের মাথায় গুরুতর জখম হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিক্ষার্থী রিদীনকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে হামলার শিকার হয় দুই শিক্ষার্থী। মোক্তারপাড়া সেতু এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি দল তাদের ওপর চড়াও হয়। এ সময় হামলাকারীরা বেল্ট ও ভারী বস্তু দিয়ে তাদের মারধর করে। একপর্যায়ে রায়হানকে রাস্তায় ফেলে লাথি ও বেল্ট দিয়ে পেটানো হয়। এতে তার মাথায় গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে।
পরে স্থানীয়রা আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। রায়হানের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদিকে রিদীনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হামলার কারণ সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা শহরের কাটলী ও মোক্তারপাড়া এলাকায় সক্রিয় কিশোরদের কয়েকটি দলের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। বড় ভাই-ছোট ভাই কিংবা সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তাঁরা।
ঘটনার পর পুলিশ নেত্রকোনা সদর হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেয়।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। গুরুতর আহত শিক্ষার্থী রায়হান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবার সঙ্গে কথা হয়েছে। প্রাথমিক শঙ্কা কেটে গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা