দিনাজপুরে প্রবাসফেরতদের গবাদিপশু পালন বিষয়ে প্রশিক্ষণ

বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও স্থানীয় অর্থনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনাজপুরে ‘গবাদিপশু পালন ও ব্যবস্থাপনা’ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও প্রবাসী কল্যাণ সেন্টারের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম এবং দিনাজপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক খন্দকার ইকবাল হোসেন।
অনুষ্ঠানে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বিদেশফেরত কর্মীদের অভিজ্ঞতা ও শ্রমকে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে সরকার বিভিন্ন পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করছে। গবাদিপশু পালন সম্ভাবনাময় একটি খাত উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে এই খাতে আত্মনিয়োগ করলে প্রবাসফেরত ব্যক্তিরা দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, প্রবাসীদের অর্জিত অভিজ্ঞতার সঙ্গে কারিগরি প্রশিক্ষণকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে ডেইরি ও পোল্ট্রি খাতকে আরও শক্তিশালী করা সম্ভব। এর ফলে পরিবারগুলোর আয় বাড়ার পাশাপাশি প্রাণিসম্পদ খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠান শেষে সফল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মধ্য দিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/সু.পা