ঢাকা থেকে বেড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক গ্রেপ্তার

পাবনার বেড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মেসবাহ-উল হককে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে পাবনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মেসবাহ-উল হককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরে মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পাবনা আদালতে হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, মেসবাহ-উল হকের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। তবে মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় তাৎক্ষণিকভাবে মামলাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মেসবাহ-উল হক দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বেড়া উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে দ্রুত তার মুক্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা