কমলনগরে ৮০ কেজি ইলিশ জব্দ, ৪ জনের দণ্ড

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ পরিবহনের দায়ে দুই জেলেকে কারাদণ্ড ও দুই পরিবহনকারীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ মণ (৮০ কেজি) ইলিশ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শুক্রবার( ১৬ অক্টোবর ) বেলা ১১টার দিকে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন।
কারাদণ্ড প্রাপ্ত দুই জেলে হলেন উপজেলার চর ফলকন গ্রামের আবুল বাশারের ছেলে ফরহাদ হোসেন (২৩) ও একই গ্রামের আবুল কালামের ছেলে মো. ইসমাইল হোসেন (২৩)। আদালত তাদের প্রত্যেককে ১৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ছাড়া নিষিদ্ধ ইলিশ পরিবহনের দায়ে একই গ্রামের মো. নোমান ও মো. বাচ্চুকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য অফিস জানায়, মা ইলিশ সুরক্ষায় নিয়মিত তদারকির অংশ হিসেবে শুক্রবার ভোরে মেঘনা নদী ও উপকূলীয় এলাকায় যৌথ অভিযান চালায় উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে উপজেলার চর ফলকন ইউনিয়নের লুধুয়া মাছঘাট এলাকা থেকে ২ মণ ইলিশসহ চারজনকে আটক করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় তিনটি এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য শাহা জানান, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকার, পরিবহন, ক্রয়-বিক্রয়, বাজারজাতকরণ, মজুত ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ এনউব