নির্বাচন নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি: আইন উপদেষ্টা

রাজশাহী সফরে গিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো কথা বলতে রাজি হলেন না আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
শনিবার (৮ নভেম্বর) সকালে তিনি নগরীর রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় সাংবাদিকরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।
তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। সারাদেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে আসিফ নজরুল রাজশাহী টিটিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।
এসময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ