মেহেরপুরে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে মানববন্ধন

মেহেরপুর জেলায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে মানববন্ধনে নেতৃত্ব দেন শামসুল খান।
মানববন্ধনে বক্তব্য বলেন, সার ডিলার নিয়োগ একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়। এ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হলে প্রকৃত যোগ্য আবেদনকারীদের মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার পাশাপাশি কৃষক পর্যায়ে সার সরবরাহ ব্যবস্থাপনাও প্রশ্নবিদ্ধ হতে পারে। ক্ষমতাসীন দলের নেতারা নিজ দলীয় ব্যক্তিদের নামের তালিকা পাঠিয়েছে।
আমরা সচেতন নাগরিক সমাজ, মনে করি, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ সুস্পষ্ট, যাচাইযোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন। বিশেষ করে আবেদন যাচাই, যোগ্যতা নির্ধারণ, অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং চূড়ান্ত নির্বাচন-প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবি তুলে বলেন, বাছাই কমিটিতে আবেদনকারী সার ডিলারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার তালিকা প্রস্তুত ও প্রকাশ করতে হবে। অযোগ্য আবেদনকারীদের বাতিলের কারণ প্রকাশ করতে হবে। যোগ্য আবেদনকারীর সংখ্যা নির্ধারিত ডিলারের সংখ্যার চেয়ে বেশি হলে প্রকাশ্য লটারির মাধ্যমে নির্বাচন করতে হবে। স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত না হলে সম্ভাব্য অনিয়মের বিষয়ে তদন্ত করতে হবে। কোনো রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ের ভিত্তিতে বিশেষ সুবিধা দেওয়া যাবে না।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সোহেল রানা, আজমাইন হোসাইন, আবুল কালাম, নুর রহমান, তৌফিকুল ইসলাম সহ অনেকেই।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব