চট্টগ্রামে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন যাত্রী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আর টি রাশেদ (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া দক্ষিণ হ্নীলা এলাকার আবুল বশরের ছেলে এবং রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল বলেন, ‘রাউজানের দিক থেকে সিএনজি অটোরিকশায় নিহত রাশেদসহ চার যাত্রী রাঙ্গুনিয়ার দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে ট্রাকটি যাওয়ার পথে ছাইরীবাজার দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি ট্রাকটিকে চাপ দেয়। এতে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটিকে চাপা দিলে গাড়িতে থাকা কলেজছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/মো.আ.