চাঁদপুরে ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা মাকসুদুর রহমানের ইন্তেকাল

ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি........ রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, অনুসারী ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাবার মৃত্যুর এক মাস পর ছেলের মৃত্যু। গত ৪ অক্টোবর বাবাকে হারিয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে হাফেজ মাওলানা মাকসুদুর রহমান লিখেছিলেন, ‘আমার বাবা এখন আল্লাহর মেহমান।’ কে জানত, ঠিক এক মাস পর তাঁকেও এভাবে বিদায় নিতে হবে পৃথিবী থেকে।
মাওলানা মাকসুদুর রহমান চাঁদপুরের ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঢাকার আল কারীম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন।
বাবার মৃত্যুর পর শোকাহত মাকসুদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমার বাবা এখন আল্লাহর মেহমান।’ ঠিক এক মাস এক দিন পর তাঁর মৃত্যুর খবরে সেই স্ট্যাটাস নতুন করে আলোচনায় এসেছে। স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিষয়টি হয়ে উঠেছে এক হৃদয়বিদারক ঘটনা।
ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মাওলানা মাকসুদুর রহমান। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। সংগঠনটির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। সর্বশেষ তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন মাসিক ‘আন নাবা’ পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এবং মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মাকসুদুর রহমান দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে একজন নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। তিনি ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে সংগঠনের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
তাঁর মৃত্যুতে সংগঠন একজন দক্ষ ও নিবেদিত সংগঠককে হারিয়েছে। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের জানাজা বৃহস্পতিবার বাদ জোহর দক্ষিণ রঘুনাথপুর ইয়াকুব বেপারি বাড়ি শাহি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ভোরের আকাশ/সু.পা