প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষা-স্বাস্থ্যে গুরুত্ব এমপি ফজলুল হক মিলনের

গাজীপুরের কালীগঞ্জকে আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এসব কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।
উপজেলার নাগরী এলাকার স্বপ্ন কানন রিসোর্টে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ফজলুল হক মিলন বলেন, ‘আমি উন্নয়নের কথা বলি কাজ দিয়ে, কথা দিয়ে নয়। কালীগঞ্জের উন্নয়নের ইতিহাস খুঁজে দেখুন—সবখানেই আমাকে পাবেন।’
তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষা খাতকে অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর কালীগঞ্জের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৩ কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্যে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পাশাপাশি কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
এ ছাড়া উপজেলার ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল স্মার্ট বোর্ড, শিক্ষা উপকরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম এবং পানির ফিল্টার দেওয়া হয়েছে। অস্বচ্ছল মেধাবী ১৫৭ শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ১৫০ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে বলেও জানান এমপি মিলন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মোক্তারপুর ইউনিয়নে স্থানীয় হাসেম শেখের বাড়ি থেকে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত সড়ক এইচবিবি করণ, মাঝুখান থেকে কালীগঞ্জ দৃষ্টিনন্দন সড়ক প্রকল্প এবং জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি থেকে জামালপুর জিসি হয়ে দোলন বাজার সড়ক উন্নয়ন প্রকল্প।
সামাজিক ও মানবিক সহায়তার অংশ হিসেবে ২০টি পরিবারকে ছাগল ও ১০টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী দেওয়া হয়েছে। এ ছাড়া ৮৩টি মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ১ কোটি ৭০ হাজার টাকার চেক বিতরণ এবং উপজেলার ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় ১৯ টন চাল বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে ফজলুল হক মিলন বলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ৫০ শয্যার সক্ষমতা ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা রয়েছে। হাসপাতালটিতে এমআরআইসহ আধুনিক যন্ত্রপাতি আনার উদ্যোগও নেওয়া হচ্ছে।
যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যুবকরাই দেশের সবচেয়ে বড় শক্তি। শুধু চাকরির পেছনে না ছুটে তাদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। নতুন শিল্প ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা গেলে কালীগঞ্জের হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
নির্বাচনী প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এসব কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত কালীগঞ্জ গড়ে তোলাই তাঁর লক্ষ্য বলে জানান গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা