লাভের আশায় আলু সংরক্ষণ, সিরাজদীখানে লোকসান ৫৫ কোটি টাকা

দেশের অন্যতম বৃহৎ আলু উৎপাদনকারী অঞ্চল মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাঠজুড়ে সবুজ আলু গাছ দেখে বুকভরা স্বপ্ন বুনেছিলেন সিরাজদীখানের প্রায় ৯ হাজার আলু চাষী আর কৃষক। ধারদেনা করে জমি তৈরি, বীজ কেনা, সার-কীটনাশক আর শ্রমিকের মজুরিসহ সবমিলিয়ে একেকটি আলুর পেছনে ছিল কৃষকের হাজারো স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের আলুই এখন কৃষক ও ব্যবসায়ীর জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
গত মৌসুমে বেশি লাভের আশায় হিমাগারে আলু রেখে প্রায় ৫৫ কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা। এই লোকসান শুধু টাকার অঙ্ক নয়, সঙ্গে জড়িয়ে আছে কৃষকের ঘাম, পরিবারের স্বপ্ন আর আগামী দিনের বেঁচে থাকার হিসাব।
যে কৃষক সারা বছর জমির দিকে তাকিয়ে ফসলের পরিচর্যা করেছেন, যে ব্যবসায়ী ধারদেনা করে আলু কিনে হিমাগারে রেখেছেন, তাঁদের কাছে এই লোকসান মানে নতুন করে ঋণের বোঝা, সংসারের খরচ নিয়ে দুশ্চিন্তা আর ভবিষ্যৎ চাষাবাদ চালিয়ে যাওয়ার অনিশ্চয়তা। দাম বাড়ার আশায় এতদিন তারা হিমাগার থেকে আলু বের করেননি। এখন সেই আলু গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। দাম না বাড়ায় বড় লোকসানের মুখে পড়েছেন তারা।
এদিকে নতুন আলুর মৌসুম চলতি মাসের শেষ দিকে কৃষক জমিতে নতুন করে আলু বুনবেন। অন্যদিকে ৩০ শে নভেম্বরের মধ্যে হিমাগার থেকে আলু বের না করলে সংরক্ষণের মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু হিমাগার থেকে আলু তুললে বস্তা প্রতি ৫০ কেজি আলুতে কমপক্ষে ৭০০ টাকা লোকসান গুনতে হচ্ছে। এ কারণে অনেক আলু ব্যবসায়ীরা হিমাগারে রাখা তাদের আলু নিতে আগ্রহী নন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর সিরাজদীখানে ৮ হাজার ৯৫৮ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছিল । উৎপাদন হয়েছিল ৩ লাখ ২ হাজার ৭৫ মেট্রিক টন। উৎপাদন মৌসুমে জমিতেই অনেক কৃষক আলু বিক্রি করেছেন। বেশি লাভের আশায় অনেক কৃষক ও ব্যবসায়ী হিমাগারে আলু মজুত রেখেছিলেন। বর্তমানে উপজেলার ৯ টি হিমাগারে প্রায় ৭ লাখ ৮০ হাজার বস্তা আলু মজুত রয়েছে। প্রতি বস্তায় (৫০ কেজি) ৭০০ টাকা লোকসান ধরলে ক্ষতির অঙ্ক দাড়ায় প্রায় ৫৫ কোটি টাকা।
উপজেলা লতাব্দী ইউনিয়নের আলু ব্যবসায়ী মাহবুব হোসেন রন্টু বলেন,‘গেলো বছর আমি নাহার, নেপচুন ও সম্রাট তিনটি কোল্ড স্টোরেজে ৮০০ বস্তা আলু মজুত করেছিলাম। এর মধ্যে এক হাজার বস্তা বিক্রি করেছেন, আর ৭ হাজার বস্তা আলু এখনো রয়েছে। সেই আলু এখন বিক্রি করতে গেলে প্রতিবস্তায় প্রায় ৭০০ টাকা লোকসান হচ্ছে। সব হিসাব মিলিয়ে এ বছর আামি প্রায় ৫০ লাখ টাকার লোকসানের মুখে পড়েছি।’
বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামের আব্দুস সালাম বলেন,‘আলুর ব্যবসায় করতে গিয়ে গত দুই বছরে আমার স্ত্রীর ৭ ভরি স্বর্নসহ প্রায় ৬০ লাখ টাকা লোকসানে পড়েছি। ধার, দেনা করে আলু ব্যবসা শুরু করেছিলাম, এখন কি ভাবে কি করব বুঝতেছি না। ’
এই ব্যবসায়ীর মতো সিরাজদীখানের প্রায় ৯ হাজার আলুচাষি ও ব্যবসায়ী একই অবস্থা। তারা জানান, এ বছর প্রায় ৫৫ কোটি টাকা লোকসানের কবলে পড়েছেন উপজেলার আলুচাষি ও ব্যবসায়ীরা।
রশুনিয়া ইউনিয়নের দক্ষিন তাজপুর গ্রামের আলু চাষী আব্দুল মান্নান বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে আমি আলু ব্যবসার সঙ্গে জড়িত। এ বছর ৪ টি কোল্ড স্টোরেজে ৭ হাজার ৫০০ বস্তা আলু সংরক্ষণ করেছেন। এতে প্রায় ৬০ লাখ টাকার লোকসানের আশঙ্কা করছেন।’
বয়রাগাদি ইউনিয়নের ভুইরা গ্রামের মো দরবেশ আলী বলেন, ‘নাহার কোল্ড স্টোরেজে ৭০০০ বস্তা আলু মজুত করেছিলেন। ৪০০০ বস্তা লোকসানে বিক্রি করেছিলাম, এখনো ৩০০০ বস্তা অবিক্রিত রয়েছে । এখন বিক্রি করতে গেলে পুরোটাই লস।’
ফয়েজ কোল্ড স্টোরেজের ম্যানাজার মো.শাহ আলম বলেন,‘গেলো বছর আমার কোল্ড স্টোরেজে ১ লক্ষ ৫ হাজার বস্তা আলু মজুদ রাখা হয়। এখনো ৫৫ হাজার বস্তা রয়ে গেছে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে কোল্ড স্টোরেজ খালি হওয়া কথা কিন্ত দিন দিন যে অবস্থা দেখছি কৃষকের মতো আমাদের লোকসান গুনতে হবে। বস্তা প্রতি ৩০০ টাকা ভাড়া দিয়ে কেউ নিতে চাচ্ছেনা। ’
সিরাজদীখান উপজেলার নাহার কোল্ড স্টোরেজে ম্যানাজার আরশাদ হোসেন বলেন, ‘দাম দিন দিন কমে যাওয়ায় হিমাগারের মালিক ও কৃষক দুই পক্ষই লোকসানের মুখে পড়েছেন। এখনো প্রায় ৬০ হাজার বস্তা আমাদের স্টোরে মজুদ রয়েছে। চুক্তি অনুযায়ী চলতি নভেম্বর মাসের মধ্যে ব্যবসায়ীদের কোল্ড স্টোরেজ থেকে আলু নিয়ে যাওয়ার কথা । কিন্তু কেউ নিচ্ছেনা। ’
সিরাজদীখান উপজেলা কৃষি কর্মকর্তা মো.রফিকুল ইসলাম বলেন, ‘অনুকূল আবহাওয়ার কারনে গত বছর সিরাজদীখানে আলুর উৎপাদন বেশি হয়েছে। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় প্রতিবছরই কৃষকদের লোকসানের বিষয়টি কৃষি সসম্প্রসারণ অধিদপ্তর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন। আলুকে রপ্তানিযোগ্য পণ্য হিসাবে উৎপাদন করার জন্য আমরা মিস্র জাতের আলুর পরিবর্তে রপ্তানিযোগ্য জাতের আলু করার জন্য "ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প" এর আওতায় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।
এ বছর রপ্তানিযোগ্য এ আলুর জন্য কৃষকদের উল্লেখযোগ্য সংখ্যক প্রদর্শনী প্রদান করা হবে। এছাড়া আলুর পাশাপাশি অন্যান্য লাভজনক উচ্চ মূল্যের ফসল চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে আমরা কাজ করছি এবং পরামর্শ দিচ্ছি। এতে কৃষকরা বিকল্প ফসল চাষের মাধ্যমে লোকসানের ঝুঁকি কমাতে পারবেন।’
ভোরের আকাশ/সু.পা