খাগড়াছড়িতে ৩০ উদ্যোক্তাকে ব্যবসায়ীক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

ব্যবসা পরিচালনায় দক্ষতার পাশাপাশি আর্থিক পরিকল্পনা ও সঠিক হিসাব ব্যবস্থাপনার জ্ঞান থাকাও জরুরি। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা লাভজনক ও দীর্ঘস্থায়ী করতে আয়-ব্যয়ের হিসাব, মূলধনের সঠিক ব্যবহার এবং বিনিয়োগ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বিষয়ে দক্ষতা বাড়াতে খাগড়াছড়িতে স্থানীয় ৩০ জন উদ্যোক্তাকে নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলার মিলনপুর হিলটপ গেস্ট হাউসের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। ‘Financial Management Training for Get Ahead and IYB Training Participants’ শীর্ষক প্রশিক্ষণটি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
প্রশিক্ষণে উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক ব্যবস্থাপনার মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাতে-কলমে শেখানো হচ্ছে। এর মধ্যে রয়েছে আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, ব্যবসার মূলধন ও ব্যক্তিগত অর্থের মধ্যে পার্থক্য বজায় রাখা, লাভ-ক্ষতি নিরূপণ, বাজেট প্রণয়ন, অর্থের সঠিক ব্যবহার, ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণের কৌশল।
এ ছাড়া ব্যবসা পরিচালনায় সম্ভাব্য আর্থিক ঝুঁকি চিহ্নিত করা এবং সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হচ্ছে।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মালিয়া ফাউন্ডেশনের ফাইন্যান্স ফ্যাসিলিটেটর সূর্য্যব্রত ত্রিপুরা এবং তৃণমূল উন্নয়ন সংস্থার ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা রুমেন চাকমা। এ সময় জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প ব্যবস্থাপক দয়ানন্দ ত্রিপুরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়ের ProGRESS প্রকল্পের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে গেট অ্যাহেড (Get Ahead) ও আইওয়াইবি (IYB) প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্থানীয় ৩০ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দিনের এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান উদ্যোক্তাদের দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নিয়মিত আয়-ব্যয়ের হিসাব রাখা ও প্রকৃত মুনাফা নিরূপণের অভ্যাস গড়ে উঠলে ব্যবসার আর্থিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ, মূলধন সুরক্ষা, সঞ্চয় বৃদ্ধি এবং পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে ব্যবসাকে আরও সুসংগঠিত করা যাবে।
আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিকূল পরিস্থিতিতে আর্থিক ঝুঁকি মোকাবিলায়ও সহায়তা করতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সঠিক আর্থিক পরিকল্পনা ব্যবসার ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার অন্যতম ভিত্তি।
আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও কৌশল বাস্তব ব্যবসায়িক কাজে প্রয়োগের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোগ আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন। এতে উদ্যোক্তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার এবং টেকসই উদ্যোক্তা তৈরির পথ সুগম হবে।
ভোরের আকাশ/সু.পা