বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৭

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভুট্টাবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) ভোর আনুমানিক ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাস চালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বিদেশফেরত যাত্রীকে নিয়ে সাতজন মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুলবশত মহাসড়কের বিপরীতমুখী লেনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফেরদৌস ও যাত্রী জুবায়েদুল মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/আ.র