পঞ্চগড়ে ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন থ্রি-হুইলারের আরও পাঁচ যাত্রী।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা খানম (৩৫) ও তার সাত বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতির মৃত্যু হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। একই রাতে অপর আহত যাত্রী প্রমিলা রানী (৩০) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মারা যান।
নিহত মাহমুদা খানম অনলাইন নিউজ পোর্টাল ধারা নিউজের সিনিয়র রিপোর্টার এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিক আলী আজগর খোকনের স্ত্রী। তিনি পঞ্চগড় বিসিক শিল্পনগরীতে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তাদের মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি। অপর নিহত প্রমিলা রানী দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে যায় এবং এর যাত্রীরা আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরে মাহমুদা ও তার মেয়ে আল আকসাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা-মেয়ের মৃত্যু হয়।
অন্যদিকে, প্রমিলা রানী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করা হয়েছে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও পরে ট্রাক মালিক সমিতিকে বিষয়টি জানানো হলে তারা ট্রাকটি নিজেদের জিম্মায় রাখে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/ইউএম