শিকড়ের সন্ধানে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে রাজিব, খুঁজছেন জন্মদাতা বাবা-মাকে

জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রায় পাঁচ দশক পর নিজের শিকড়ের সন্ধানে বাংলাদেশে এসেছেন নেদারল্যান্ডসে বেড়ে ওঠা রাজিব উদ্দিন। ১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে তাঁকে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে নেওয়া হয়েছিল। সেখানেই কেটেছে তাঁর শৈশব, কৈশোর ও জীবনের বড় একটি অংশ।
কিন্তু ৪৯ বছর বয়সে এসে জন্মদাতা বাবা-মাকে খুঁজে পেতে ব্যাকুল হয়ে উঠেছেন তিনি। গত ছয় বছর ধরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজছেন নিজের পরিবারের সন্ধান।
সর্বশেষ বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতারের কার্যালয়ে গিয়ে পাসপোর্টে উল্লেখ করা ‘পেয়ারা কান্দি’ গ্রামের অবস্থান সম্পর্কে খোঁজ নেন রাজিব। তবে গ্রামটির অবস্থান নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কখনো সেটিকে কুমিল্লার কোনো এলাকায় পাওয়া যাচ্ছে, আবার কখনো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রাম হিসেবে শনাক্ত করা হচ্ছে।
রাজিবের পাসপোর্ট অনুযায়ী, ১৯৭৭ সালে তাঁর জন্ম। সেখানে বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন উল্লেখ রয়েছে। ঠিকানায় গ্রামের নাম দেওয়া হয়েছে পেয়ারা কান্দি। তবে অঞ্চলটি একসময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকলেও ১৯৮৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা গঠনের পর এলাকাটি ওই জেলার অন্তর্ভুক্ত হয় বলে জানা গেছে। পাসপোর্টে অস্থায়ী ঠিকানা হিসেবে লেখা রয়েছে, ‘বেবী হোমস-ঢাকা, বাংলাদেশ’।
রাজিবের এই অনুসন্ধানে সঙ্গী হয়েছেন তাঁর বন্ধু সেলিনা গোমেজ। তিনিও নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে এসেছেন জন্মদাতা বাবা-মায়ের সন্ধানে। গত ছয় বছরে রাজিব ছয় দফা বাংলাদেশে এসে পরিবারের খোঁজ করেছেন। পেশায় তিনি একজন সমাজকর্মী।
নিজের অনুভূতির কথা জানিয়ে রাজিব উদ্দিন বলেন, ‘আমি আমার পুরো জীবন নেদারল্যান্ডসে কাটালেও আমি সেখানে বিদেশি। আমি বাংলাদেশে এসেছি আমার মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডসে আমার সবকিছু আছে, আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু আমার খুব ফাঁকা লাগে—যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাই, আমি আসলে কার মতো হয়েছি—বাবার নাকি মায়ের মতো।’
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গেও দেখা করেন তিনি। এ সময় পাসপোর্টে থাকা ঠিকানার ভিত্তিতে গ্রামটির সঠিক অবস্থান শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চান।
রাজিব জানান, এর আগেও একটি গ্রামে গিয়ে নিজের পরিচয় দিয়ে বাবা-মায়ের খোঁজ করেছিলেন। তখন একজন ব্যক্তি নিজেকে তাঁর বাবা বলে দাবি করেন। তবে পরে ডিএনএ পরীক্ষায় তাঁদের মধ্যে জৈবিক সম্পর্কের মিল পাওয়া যায়নি।
রাজিবের বন্ধু সেলিনা গোমেজও নিজের জন্মদাতা বাবা-মায়ের খোঁজে তিন দফা বাংলাদেশে এসেছেন। তাঁর পাসপোর্টে ঠিকানা হিসেবে কক্সবাজারের উল্লেখ রয়েছে। সেখানে গিয়েও পরিবারের সন্ধান করেছেন তিনি। বর্তমানে রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন সেলিনা। পেশায় তিনি একজন গায়িকা।
সেলিনা বলেন, ‘আমি নেদারল্যান্ডসে বিদেশির মতোই থাকি। সেখানে আমাকে লালন-পালনকারীরা আছেন। তারপরও আমি জানতে চাই, আমার আসল বাবা-মা কে? আমি বা রাজিব—যে-ই খুঁজে পাই না কেন, এটা হবে আমাদের সার্থকতা।’
রাজিব ও সেলিনাকে বাংলাদেশে অনুসন্ধানের কাজে গাইড হিসেবে সহযোগিতা করছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ওমর।
ওমর জানান, রাজিব ও সেলিনা তাঁদের কাগজপত্রে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী খোঁজ করছেন। পাসপোর্টের তথ্যের ভিত্তিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাঁরা জন্মদাতা বাবা-মায়ের সন্ধান পেলে সবাই আনন্দিত হবেন।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, রাজিব উদ্দিনের কাগজপত্র পর্যালোচনা করে ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রামের তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তাঁরা। ঠিকানাটি সঠিক হলে রাজিব সেখানে গিয়ে পরিবারের সন্ধান করতে পারবেন। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে সহযোগিতা করবে।
ভোরের আকাশ/সু.পা