কুতুবদিয়ায় দু'সপ্তাহে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

কক্সবাজারের উপকূলীয় দ্বীপ কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। মাত্র ১২ দিনে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
চলতি সেপ্টেম্বরের ৪ থেকে ১৫ তারিখ পর্যন্ত কুতুবদিয়ায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ ধুরুং ইউনিয়নের ওলী পাড়ায় নাবিলা নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া এলাকার নেজাম উদ্দীনের তিন বছর বয়সী মেয়ে তাকওয়া পানিতে ডুবে মারা যায়। এরপর ১১ সেপ্টেম্বর আলী আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুলপাড়ার মাহামুদুল করিমের চার বছর বয়সী শিশু মিশুও পানিতে ডুবে মারা যায়।
১২ সেপ্টেম্বর লেমশীখালী ইউনিয়নের হাবিব হাজির পাড়ার মো. রুবেলের পাঁচ বছর বয়সী ছেলে মো. জিয়াদ পানিতে ডুবে মারা যায়। পরদিন ১৩ সেপ্টেম্বর উত্তর ধুরুং ইউনিয়নের কুইল্যারপাড়া এলাকার মো. খোকনের শিশু আইমান পানিতে ডুবে মারা যায়।
সর্বশেষ মঙ্গলবার সকালে দক্ষিণ ধুরুং ইউনিয়নের ওলী পাড়ায় জিয়াবুলের ১৯ মাস বয়সী মেয়ে নাবিলা পানিতে ডুবে মারা যায়।
স্বজনরা উদ্ধার করে শিশুদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে পাঁচ শিশুরই পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ভোরের আকাশ/সু.পা