অনলাইন প্রতারণার অভিযোগে ৬৩ বিদেশির ২ দিন রিমান্ড

চট্টগ্রাম নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের প্রত্যেককে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তার বিদেশি নাগরিকদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই সঙ্গে আগামী ২০ দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কারও কাছেই পাসপোর্ট পাওয়া যায়নি। তাদের মধ্যে লাওসের ৩৪ জন, পাকিস্তানের ২১ জন, চীনের পাঁচজন, নেপালের একজন ও ভিয়েতনামের একজন নাগরিক রয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে ২০ জন নারী। ওই ভবনে তাদের সঙ্গে একটি শিশুও অবস্থান করছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় দেড় মাস ধরে ওই ভবনে অবস্থান করে এসব বিদেশি নাগরিক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণাসহ নানা ধরনের অনলাইন অপরাধ চালিয়ে আসছিলেন। তবে তারা কী ধরনের ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, বিদেশি নাগরিকদের ওই ভবনে অবস্থানের বিষয়ে তদন্ত করতে গিয়ে মোহাম্মদ মহসিন নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মহসিনের কাছে পাঠানো ১১৮ গ্রাম কোকেনের সূত্র ধরে ওই বিদেশিদের অবস্থানের তথ্য পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, বিদেশি নাগরিকদের থাকার জন্য খুলশীর ওই আটতলা ভবনটি মহসিনই ভাড়া করে দিয়েছিলেন। এমনকি তাদের পাসপোর্টও তার কাছে জমা ছিল বলে দাবি পুলিশের। এ ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।
ভোরের আকাশ/সু.পা