ছাত্রীনিবাসের কক্ষ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক শিক্ষার্থী

কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ছাত্রীনিবাসের ২০০৭ নম্বর কক্ষে অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের সময় কক্ষটির বি-বেডের নিচ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শরিফা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার লিয়াকত আলীর মেয়ে।
পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরি করে ইয়াবাগুলো জব্দ করা হয়।
পরে নারী কনস্টেবলের সহায়তায় আটক শিক্ষার্থী ও জব্দ করা আলামত থানায় নেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/জেআ