কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে মেহেদী হাসান আবির নামে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের আজিজ নগর এলাকার বাসিন্দা এবং নগরের রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানের কর্মচারী ছিলেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আবির তার তিন বন্ধু মোঃ আরিফুল ইসলাম, মোঃ তানজিন ও মোঃ মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। পরে দুপুর প্রায় ২টার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে প্রবল স্রোতের মধ্যে পড়ে আবির নিখোঁজ হয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুরা তাকে খুঁজতে চেষ্টা করলেও স্রোতের কারণে দ্রুত তিনি গভীরে তলিয়ে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে লাইফগার্ডদের জানানো হলে উদ্ধার অভিযান শুরু করা হয়।
নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে সৈকতের পানিতে আবিরের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। এ সময় ‘সি সেইফ লাইফগার্ড’ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সি সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী মো. ওসমান বলেন, সৈকতে তখন জোয়ারের স্রোত বেশ তীব্র ছিল। আমরা পর্যটকদের বারবার সতর্ক করছিলাম নির্দিষ্ট নিরাপদ জোনের বাইরে না যেতে। কিন্তু অসাবধানতাবশত তিনি গভীর পানিতে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।
ভোরের আকাশ/নি