খুলনায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৯৮ ইটভাটায় ক্ষতি ৯ কোটি টাকা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব ও অসময়ের টানা বৃষ্টিতে খুলনার পাঁচ উপজেলার ৯৮টি ইটভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে লাখ লাখ কাঁচা ইট, নিভে গেছে অধিকাংশ ভাটার আগুন। এতে সব মিলিয়ে প্রায় ৯ কোটি ৫ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভাটা মালিকেরা। উৎপাদন মৌসুমের শুরুতেই এমন বিপর্যয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত পাঁচ উপজেলার মধ্যে রূপসায় ৬০টি ইটভাটায় প্রায় ৫ কোটি টাকা, বটিয়াঘাটায় চারটি ভাটায় ৫৫ লাখ টাকা, ডুমুরিয়ায় ১৮টি ভাটায় ২ কোটি টাকা, ফুলতলায় ৬ ভাটায় ৫০ লাখ টাকা এবং পাইকগাছায় ১২টি ভাটায় প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
রূপসা উপজেলার ভাটা মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চলতি মাসের শুরুতে উপজেলার আইচগাতী, শ্রীফলতলা, নৈহাটী ও ঘাটভোগ ইউনিয়নে ৬০টি ইটভাটায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। এর মধ্যে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ১৮ থেকে ২০ নভেম্বর ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে ভাটাগুলোর উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। খোলা মাঠে শুকানোর জন্য রাখা কাঁচা ইট এবং শুকিয়ে খাড়ি করে রাখা ইট বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি জ্বলন্ত ভাটার আগুনও বৃষ্টির পানিতে নিভে যায়।
ভাটা মালিকদের দাবি, ক্ষতির পরিমাণ ভাটাভেদে ভিন্ন হলেও তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত ভাটার মালিকদেরও অন্তত ৮ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। সব মিলিয়ে রূপসার ৬০টি ভাটায় ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। মৌসুমের শুরুতেই এমন বিপর্যয়ে আর্থিক চাপের মুখে পড়েছেন তাঁরা।
বটিয়াঘাটা উপজেলায় চারটি ইটভাটা রয়েছে। এগুলোর মধ্যে সুরখালী ইউনিয়নের গজালিয়া এলাকায় মেসার্স জমাদ্দার ব্রিকস, সদর ইউনিয়নের দক্ষিণ শৈলমারীতে এনকে ব্রিকস এবং গঙ্গারামপুর ইউনিয়নে ইকো ব্রিকস রয়েছে। এসব ভাটায় তৈরি করা ইট বৃষ্টিতে নষ্ট হয়ে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ডুমুরিয়া উপজেলায়ও অসময়ের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইটভাটা শিল্প। কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে লাখ লাখ কাঁচা ইট ভিজে নষ্ট হয়েছে। একই সঙ্গে বৃষ্টির পানিতে নিভে গেছে অধিকাংশ ইটভাটার আগুন। এতে মৌসুমের শুরুতেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মালিকেরা। প্রাথমিক হিসাবে এ উপজেলায় ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
ভাটা মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের ১ নভেম্বর থেকে অধিকাংশ ইটভাটায় নতুন মৌসুমের উৎপাদন শুরু হয়। কিন্তু অসময়ের টানা বৃষ্টিতে তাঁদের সব হিসাব-নিকাশ ওলটপালট হয়ে গেছে।
ভাটা মালিক সমিতির যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মোড়ল জানান, তাঁর নিজের ইটভাটায় প্রায় চার লাখ কাঁচা ইট বৃষ্টিতে নষ্ট হয়েছে। এতে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে ভাটার আগুনও নিভে গেছে। তিনি বলেন, এ বছর কয়লার দাম অনেক বেড়েছে। পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেশি দিতে হচ্ছে। উৎপাদন শুরুর আগেই শ্রমিকদের অগ্রিম টাকা দিতে হয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির কারণে কাঁচা ইট নষ্ট ও আগুন নিভে যাওয়ায় বড় ধরনের লোকসানে পড়তে হয়েছে।
তিনি আরও জানান, ডুমুরিয়া উপজেলায় মোট ১৮টি ইটভাটা রয়েছে। এর মধ্যে অধিকাংশ ভাটার আগুন নিভে গেছে। মৌসুমের শুরুতেই এমন প্রাকৃতিক বিপর্যয়ে ইটভাটা মালিকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
ফুলতলা উপজেলায় মোট ইটভাটা রয়েছে ৯টি। এর মধ্যে আর্থিক সংকটে ইতোমধ্যে তিনটি ভাটা বন্ধ হয়ে গেছে। গত তিন দিনের বৃষ্টিতে চালু থাকা ছয়টি ভাটায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে নিউ সুপার ব্রিকসের প্রায় চার লাখ এবং সুপার ব্রিকসের প্রায় দুই লাখ কাঁচা ইট ও মাটি নষ্ট হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।
পাইকগাছা উপজেলায় ১৪টি ইটভাটার মধ্যে বর্তমানে চালু রয়েছে ১২টি। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অতিবৃষ্টিতে এসব ভাটার কাঁচা ইট ব্যাপকভাবে নষ্ট হয়েছে বলে জানিয়েছেন মালিকেরা। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার চাঁদখালী ইউনিয়নের মা ব্রিকসের পরিচালক মো. মনিরুল ইসলাম জানান, মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে তাঁর ভাটায় প্রায় তিন লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। একই সঙ্গে ভাটার আগুন নিভে গেছে। সব মিলিয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
একই এলাকার এএসএম ব্রিকসের মালিক অহেদুজ্জামান বলেন, তাঁদের ভাটায় আড়াই লাখের বেশি কাঁচা ইট নষ্ট হয়েছে। বৃষ্টিতে ভাটার আগুনও নিভে গেছে। এমএসবি ব্রিকসের পরিচালক শাহিন মাস্টার বলেন, প্রবল বৃষ্টিতে তাঁর মতো অন্য ভাটা মালিকেরাও ক্ষতির মুখে পড়েছেন। তাঁর ভাটায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভোরের আকাশ/সু.পা